‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) এ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসুচির আয়োজন করে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর জামালপুর।
মৎস্য পক্ষ উপলক্ষ্যে শহরের ভোকেশনাল মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের পাশে সরকারি শিশু পরিবারের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন কর্মকর্তারা। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা: মোহাম্মদ আজিজুল হক, জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম আশরাফুল কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, মাছ আমাদের আমিষের অন্যতম উৎস। আমিষের চাহিদা পুরণে বানিজ্যিকভাবে মাছ চাষে বাংলাদেশের মৎস্য খামারীরা বেশ সাফল্য অর্জন করেছে। আমাদের দেশের চাহিদা পুরণ করে বিদেশেও মৎস্য সম্পদ রপ্তানি করা হচ্ছে। পরে সফল মৎস্য চাষীদের পুরষ্কার প্রদান করা হয়।
প্রতিনিধি/আরএইচ