মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট মাগুরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজে প্রতিদিন ১০ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান প্রকল্পটির উদ্বোধন করেন।
জানা গেছে, মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে হাসপাতালের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এ প্রকল্পের আওতায় রোগী ও তাদের স্বজনদের জন্য প্রতিদিন ১০ হাজার লিটার বিশুদ্ধ ও পানযোগ্য পানি সরবরাহ করা হবে।
এ ছাড়া মাগুরা সদর হাসপাতালে এর আগে হুইলচেয়ার বিতরণ, ভেঙে যাওয়া টাইলস সংস্কারে সহযোগিতা, ফ্যান এবং বৈদ্যুতিক জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বলেন, বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পটি রোগী ও স্বজনদের জন্য উপকারী হবে। তারা এ উদ্যোগের প্রশংসা করেন।
প্রতিনিধি/আরএইচ