সুন্দরবনের আংটিহারা এলাকায় শাকবাড়িয়া নদীতে পড়ে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজের এক ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (১৬ আগস্ট) কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আসা এমভি আলফাডাঙ্গা প্রাইড জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদীসংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থান করছিল। এ সময় জাহাজটির আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত এক ক্রু নদীতে পড়ে যান।
সে সময় কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি টহল দল ঘটনাস্থলে টহলে ছিল। তারা তাৎক্ষণিকভাবে নদীতে পড়ে যাওয়া ওই ক্রুকে উদ্ধার করে নিরাপদে তাঁর জাহাজে পৌঁছে দেয়। উদ্ধার হওয়া ব্যক্তি মো. নাজমুল (২১)। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন জানান, জরুরি উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
প্রতিনিধি/আরএইচ