মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ফেনীতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী মাদকবিরোধী র্যালি ও সমাবেশ। ‘মাদক মুক্ত সমাজ মানে, অপরাধমুক্ত সমাজ’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী জেলা পুলিশের আয়োজনে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বুধবার বিকেলে এই সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি বলেন, চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় আমরা পর্যায়ক্রমে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছি, তবে সীমান্তঘেঁষা ফেনী জেলা আমাদের বিশেষ অগ্রাধিকার। ফেনী থেকে মাদকের শেষ শিকড়টি পর্যন্ত উপড়ে ফেলতে আমরা বদ্ধপরিকর।
তরুণ সমাজকে রক্ষায় কঠোর বার্তা দিয়ে ডিআইজি আরও বলেন, আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কোনোভাবেই মাদকের অন্ধকার জগতে হারিয়ে যেতে দিতে পারি না। আজকের শিক্ষার্থী তথা সন্তানদের আমাদের আগামী দিনের নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষার্থী যেন মাদকের বিরুদ্ধে এক একজন সুদৃঢ় ‘অ্যাম্বাসেডর’ হিসেবে ভূমিকা রাখতে পারে, সেই পরিবেশ আমাদের তৈরি করতে হবে।
এর আগে, ফেনী পুলিশ লাইন্স প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এসে শেষ হয়। এতে সাধারণ নাগরিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক স্কুল-কলেজের শিক্ষার্থী অংশ নিয়ে মাদকবিরোধী নানা স্লোগানে মুখরিত করে তোলে।
ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক আবদুল খালেক। বক্তারা- প্রত্যেকেই তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে সম্মিলিত সামাজিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রতিনিধি/ জেএ