গাজীপুরের শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক মাদ্রাসাছাত্রকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেয়। এ সময় তারা ইভটিজিং ও শিক্ষার্থীদের ওপর হামলার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। স্থানীয় সচেতন নাগরিকরাও তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, উপজেলার ভাঙনাহাটি এলাকায় কয়েকজন বখাটে ইভটিজিং করছিল। এর প্রতিবাদ করায় ওই মাদ্রাসাছাত্রকে প্রকাশ্যে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর সহপাঠী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ ভূঁইয়ার কাছে লিখিত অভিযোগ ও স্মারকলিপি দেয়। এতে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং ভবিষ্যতে ইভটিজিং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
উপজেলা প্রশাসন অভিযোগ গ্রহণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
শিক্ষার্থীরা দাবি করেন, ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় যেন কোনো শিক্ষার্থী হামলা বা হয়রানির শিকার না হয়, সে জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে নিয়মিত নজরদারি এবং বখাটেদের বিরুদ্ধে অভিযান চালানোর আহ্বান জানান তারা।
দেশবার্তা/আরএইচ