রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং শামীম কায়সার লিংকনকে ধর্মপ্রতিমন্ত্রী করায় গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের নেতৃত্বে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল এবং পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ।
আনন্দ মিছিলে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকসুদার রহমান মাস্টার, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মাহমুদুল হক মামুন, জেলা মহিলা দল, জেলা ছাত্রদল এবং সাত উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলে নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। এ সময় তাঁরা ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি বিভিন্ন স্লোগান দেন।
প্রতিনিধি/আরএইচ