কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদক কারবার, ডাকাতির প্রস্তুতি এবং বিভিন্ন মামলার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন সায়মা আক্তার (১৯), সুমি বেগম (২৩), শরীফ হোসেন (৩৩), মো. আরিফ (২৮), মো. রমজান হোসেন (৩৫), গৌরীপুর এলাকার এজাহারভুক্ত আসামি মো. আল আমিন হোসেন (৪৫) এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মো. সোহেল রানা।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার এসআই আজিজুল ইসলাম, এসআই রবিউল ইসলাম, এসআই রেজোয়ানুল ইসলাম, এসআই আবুল কাওসার, এসআই আরিফুর রহমান, এসআই দিবাকর বড়ুয়া এবং এএসআই মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
অভিযানে সায়মা আক্তার, সুমি বেগম ও শরীফ হোসেনের কাছ থেকে ৮ কেজি গাঁজা এবং ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির প্রস্তুতির অভিযোগে মো. আরিফ ও মো. রমজান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া নিয়মিত একটি মারামারির মামলার এজাহারভুক্ত আসামি মো. আল আমিন হোসেন এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মো. সোহেল রানাকেও গ্রেপ্তার করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে পৃথক মামলায় আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/আরএইচ