চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। মিছিলের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৭টার দিকে অনন্যা আবাসিক এলাকার পাশ দিয়ে মিছিলটি বের করা হয়। এ সময় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
জানা গেছে, রাউজান উপজেলা ছাত্রলীগের সংগঠক আসিফ তুষারের নেতৃত্বে মিছিলে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন। মিছিলে থাকা ব্যানারে জুলাই গণঅভ্যুত্থান ঘিরে একাধিক হত্যা মামলায় কারাবন্দি সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছবিও দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কটি তুলনামূলক ফাঁকা থাকার সুযোগে ২০ থেকে ২৫ জনের একটি দল অনন্যা আবাসিক এলাকা থেকে মিছিল বের করে। তারা স্লোগান দিতে দিতে কুয়াইশ সড়কের দিকে চলে যান। কয়েক মিনিট পর দ্রুত সড়ক ছেড়ে চলে যান।
এরই মধ্যে মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আসিফ তুষারের নেতৃত্বে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, মিছিলের বিষয়ে তিনি কিছুই জানেন না।
প্রতিনিধি/আরএইচ