মানিকগঞ্জের দুটি খাদ্য গুদাম আকস্মিকভাবে পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার বেউথা ও সাটুরিয়া এলাকার খাদ্য গুদাম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে গুদামে মজুত খাদ্যের পরিমাণ, মান, সংরক্ষণ ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন মন্ত্রী। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা সাধারণ মানুষের মৌলিক অধিকার। গুদামে কী পরিমাণ খাদ্য মজুত আছে এবং তা নিরাপদ ও সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না, তা দেখতেই আকস্মিক পরিদর্শনে এসেছেন তিনি।
গুদামের অবকাঠামো নিয়ে আফরোজা খানম রিতা বলেন, দেশের বিভিন্ন স্থানে খাদ্য গুদামের অবস্থা ভালো নয়। পরিবেশ ও সংরক্ষণ ব্যবস্থা যথাযথ না হলে খাদ্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। কোথায় সংস্কার প্রয়োজন, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খাদ্য মজুত নিয়ে কোনো সিন্ডিকেট আছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি মাত্র দায়িত্ব নিয়েছেন। বিষয়টি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে জনগণের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, এমপি হিসেবে জনগণের প্রতি এবং মন্ত্রী হিসেবে সরকারের প্রতি তাঁর দায়বদ্ধতা রয়েছে। দুই দায়িত্বই সমান গুরুত্ব দিয়ে পালন করবেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা এবং যেকোনো সংকট মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা তাঁর অন্যতম অগ্রাধিকার। পাশাপাশি খাদ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনাকে আধুনিক করার উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনকালে জেলা খাদ্য নিয়ন্ত্রক আইয়ুব রায়হান, সাটুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা রাবেয়া খাতুন লিজাসহ, গুদাম সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা গুদামের মজুত, সংরক্ষণ ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খাদ্যমন্ত্রীকে অবহিত করেন।
প্রতিনিধি/আরএইচ