পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশের মানোন্নয়ন বিষয়ে পিরোজপুরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) পরিবেশ অধিদপ্তর, পিরোজপুরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, পিরোজপুরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী।
সভায় বক্তারা পিরোজপুরে ক্রমবর্ধমান পানি, বায়ু, শব্দ ও মাটিদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পরিবেশ আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানান। পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আহ্বান জানান।
আলোচনা সভায় সাংবাদিক জিয়াউল হক, পিরোজপুর ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুজ্জামান শুভ্র গাজী, পজিটিভ পিরোজপুরের সভাপতি সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান, বাপার সভাপতি হেনা, বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ শেখসহ বিভিন্ন ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, পরিবেশকর্মী ও ইটভাটা মালিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মনিরুজ্জামান নাসিম আলী বলেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সচেতন নাগরিক সমাজ এ কাজে অধিদপ্তরকে সহযোগিতা করবে।
সভাপতির বক্তব্যে নিখিল চন্দ্র ঢালী পরিবেশদূষণমুক্ত পিরোজপুর গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে পরিবেশ দূষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
প্রতিনিধি/আরএইচ