বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েরা লক্ষ্মীখালী ব্রিজের কাজ শুরু না করেই ৫০ লাখ টাকা আত্মসাৎ ও চরম অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১ সেপ্টেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মশিউর রহমান সোহেল। লিখিত বক্তব্যে তিনি জানান, ৩ কোটি ৮৪ লাখ ৪ হাজার ২১ টাকা অনুমোদিত চুক্তিমূল্যের ব্রিজটির কাজ গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে শুরু হয়ে ১২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।
ব্রিজটির কাজ করার অনুমতি পান ঝিনাইদহের কাঞ্চন নগর এলাকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা নিশীথ বসু। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠান আজ পর্যন্ত কোনো কাজ শুরু করেনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, স্থানীয় আল আমিন নামের এক ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে এলজিইডির অবৈধ যোগসাজশের মাধ্যমে ব্রিজের কাজ সংক্রান্ত ৫০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করেই ব্রিজটির নির্মাণকাজ স্থগিত রেখেছে বলেও অভিযোগ করা হয়।
ব্রিজটি নির্মাণ না হওয়ায় এলাকার জনসাধারণকে কয়েক ঘণ্টা পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া এবং অসুস্থ রোগীদের হাসপাতালে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এর আগে গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে বারাকপুর বাজারে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মানববন্ধন করা হয়। এ ছাড়া এলজিইডি অফিসে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সুরাহা হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে দ্রুত পুনরায় দরপত্রের (টেন্ডার) মাধ্যমে ব্রিজটির নির্মাণকাজ শুরু করার দাবি জানানো হয়। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত ঠিকাদার, পিডি ও অভিযুক্ত বিএনপির নামধারী আল আমিনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়।
প্রতিনিধি/আরএইচ