কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে সার বিতরণের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন তাঁরা।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এসে কৃষকেরা জানতে পারেন, ওই দিন সার বিতরণ করা হবে না। এতে তাঁরা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনসহ পুলিশ এবং সোনাহাট ক্যাম্পের বিজিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রামের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনও ঘটনাস্থলে উপস্থিত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সার বিতরণের আশ্বাস দিলে কৃষকেরা সড়কের অবরোধ তুলে নেন। পরে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও আনসারের উপস্থিতিতে সার বিতরণ শুরু করা হয়।
মেসার্স রাকিবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী হয়রত আলী জানান, সর্বশেষ ডিও অনুযায়ী তিনি ডিএপি সার ২৩৫ বস্তা, টিএসপি ৯৫ বস্তা ও এমওপি ৯০ বস্তা উত্তোলন করেন। বুধবার সার বিতরণের কথা ছিল না। হঠাৎ শতাধিক কৃষক বিক্ষুব্ধ আচরণ করলে প্রশাসনের সহায়তায় সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার জানান, বুধবার রাকিবুল ট্রেডার্স ডিলার পয়েন্টে সার বিতরণের দিন ধার্য ছিল না। সোনাহাট ক্যাম্পের মোড়ে বিসিআইসি সার ডিলার মেসার্স জনার্দন ট্রেডার্সে ৩০০ বস্তা ইউরিয়া সার বিতরণের কথা ছিল। কিন্তু কৃষকেরা বিশৃঙ্খলা করায় প্রশাসনের উপস্থিতিতে দুটি ডিলার পয়েন্টে সার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি। পরে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতিতে কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। উপজেলায় কোনো সারের সংকট নেই।
প্রতিনিধি/আরএইচ