দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট সিলেট জেলা হাসপাতাল এবং শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে রোগীদের ভুল বুঝিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দালালদের চিহ্নিত ও চিকিৎসাসেবা নির্বিঘ্ন করতে র্যাব ও ডিজিএফআই একযোগে কাজ করছে এবং ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে অভিযান চালিয়ে গ্রেপ্তার তৎপরতা জোরদার করা হয়েছে।
একই সঙ্গে অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত অভিযান, জরিমানা ও সিলগালার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি উল্লেখ করেন, ভুয়া চিকিৎসক ও সনদহীন টেকনিশিয়ান দিয়ে অস্ত্রোপচার পরিচালনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এসব সার্বিক সংস্কার প্রক্রিয়া শেষ করতে তিনি অন্তত ছয় মাসের সময় চান।
হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি প্রসঙ্গে তিনি জানান, চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়ার পর ২৫টিরও বেশি হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পাওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসকদের আচরণ ও হাসপাতালের খাবারের মান বৃদ্ধির অগ্রগতি লক্ষ্য করা গেছে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী হামের টিকা থেকে বাদ পড়া শিশুদের জন্য পুনরায় বিশেষ টিকাদান কর্মসূচি চালানোর ঘোষণা দেন। তিনি জানান, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুকে টিকা দেওয়া হলেও কিছু শিশু বাদ পড়ায় নতুন করে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চলতি মাসের শেষদিকে দেশব্যাপী পূর্ণাঙ্গ বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে এবং সিলেটের হাওরাঞ্চলীয় এলাকাগুলোকে এতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে ওসমানী হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতার সংকট নিয়ে প্রশ্ন উঠলে আগামী সাত দিনের মধ্যে এসব সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। স্বাস্থ্য খাতের জনবল সংকটের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রতি ১১ থেকে ১২ হাজার মানুষের বিপরীতে মাত্র একজন চিকিৎসক বা নার্স সেবা দিচ্ছেন।
এর আগে মন্ত্রী হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে