শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মানিকগঞ্জ জেলা শাখা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখাসহ কয়েকটি সংগঠন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন, মানিকগঞ্জে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানদের মধ্যে যে সম্প্রীতি রয়েছে, তা সবাইকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে। ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে একে অপরের বিপদে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, “আপনারা যখন কোনো বিপদে বা অসহায় অবস্থায় থাকবেন, আমাকে ডাকবেন। আমি আপনাদের ডাকে সবসময় সাড়া দেব।”
তিনি আরও বলেন, মানুষের পরিচয়ের ক্ষেত্রে ধর্মীয় বিভাজনের চেয়ে বাংলাদেশি পরিচয়ই বড়। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাংলাদেশের শক্তি উল্লেখ করে তা ধরে রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের চারটি সংগঠনের জন্য একটি কার্যালয় স্থাপনের দাবির বিষয়েও কথা বলেন খাদ্যমন্ত্রী। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে খাস জমিতে এ ধরনের কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
আলোচনা সভা শেষে কালীবাড়ি মন্দির থেকে জন্মাষ্টমী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আফরোজা খানম রিতা। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ