দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের জরুরি ওষুধ ‘মেটাফরমিন’ ও ‘গ্লাইক্লাজাইড’-এর সংকটে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের রোগীরা। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ওষুধের মজুদ শেষ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নতুন করে ওষুধ সংগ্রহ করতে অন্তত আরও দুই মাস সময় লাগতে পারে।
ওষুধের মজুদ শেষ হওয়ায় চিকিৎসা নিতে আসা নিম্ন আয়ের ডায়াবেটিস রোগীরা প্রয়োজনীয় ওষুধ না পেয়ে শুধু চিকিৎসকের পরামর্শ নিয়ে খালি হাতে বাড়ি ফিরছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৫০ শয্যার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থনৈতিকভাবে অসচ্ছল রোগীদের জন্য সরকারি উদ্যোগে একটি বিশেষ ডায়াবেটিস কর্নার চালু রয়েছে। সেখানে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এ কর্নারে প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ জন রোগী চিকিৎসা নেন এবং প্রত্যেককে এক মাসের ওষুধ দেওয়া হয়।
গত ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত ৬৫৭ জন ডায়াবেটিস রোগী এ কর্নার থেকে সেবা নিয়েছেন। ২১ জুলাই থেকে ওষুধের মজুদ পুরোপুরি শেষ হয়ে যাওয়ায় দূর-দূরান্ত থেকে আসা রোগীরা ওষুধ না পেয়েই ফিরে যাচ্ছেন।
ডায়াবেটিস কর্নারে চিকিৎসা নিতে আসা রাহুল আকাশ বলেন, হাসপাতালে বিনামূল্যে ওষুধ পেয়ে অনেক উপকার হতো। এখন ওষুধ না থাকায় বাধ্য হয়ে বাজার থেকে কিনে খেতে হবে। এতে সংসারের খরচ বেড়ে যাবে।
আরেক রোগী ছকিনা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। হাসপাতালের বিনামূল্যের ওষুধ খেয়ে উপকার হতো। কিন্তু হাসপাতালে এসে শুনছি ওষুধ নেই, কবে আসবে তাও কেউ বলতে পারছে না। এখন বাড়তি টাকা দিয়ে বাইরে থেকে ওষুধ কিনে খেতে হবে।’
স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়াবেটিস কর্নারের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স খাদিজা আফরোজ বলেন, ডায়াবেটিসের ওষুধের মজুদ শেষ হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নতুন বরাদ্দ পাওয়া গেলে আবারও রোগীদের মধ্যে ওষুধ সরবরাহ করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, মন্ত্রণালয় থেকে ‘মেটাফরমিন’ ও ‘গ্লাইক্লাজাইড’—এই দুই ধরনের ওষুধের সরবরাহ বন্ধ রয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের মজুদও শেষ হয়ে গেছে।
তিনি বলেন, নিজস্ব তহবিল থেকে ওষুধ কেনার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে ওষুধ হাতে পেতে অন্তত আরও দুই মাস সময় লাগবে। ওষুধ পাওয়া গেলে আগের মতো না হলেও সীমিত পরিমাণে রোগীদের মধ্যে সরবরাহ করা হবে।
প্রতিনিধি/আরএইচ