রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ ও ডেমরার পাড়া ডগাইর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। একই ঘটনায় এর আগে ডোবা মিঠু নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, ককটেল, চাপাতি, সুইচগিয়ার, মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা ককটেলসদৃশ বস্তু বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে যাত্রাবাড়ীর ধলপুরের বাদল সরদার গলিতে দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় জাকারিয়া নামে আরও এক যুবক আহত হন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
দেশবার্তা/এমআর