বলিউডের পরিচিত বাঙালি অভিনেত্রী সায়নী গুপ্তা এবার নির্মাতা হিসেবেও নজর কাড়লেন। তার নির্মিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আসমানি’ আগামী দুই মাসে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ভারতের ১০টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। খবর বলিউড হাঙ্গামা।
প্রথম নির্মাণেই সাফল্যের দেখা পেয়েছে সায়নীর এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এরই মধ্যে ৫৯তম ওয়ার্ল্ডফেস্ট-হিউস্টন উৎসবে সেরা শিশুতোষ চলচ্চিত্র বিভাগে স্পেশাল জুরি সম্মান অর্জন করেছে ‘আসমানি’। এছাড়া ইন্ডি-মিম ফিল্ম ফেস্টিভ্যালে এটি সেরা শর্ট ফিল্ম অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড জিতেছে।
এক দাদি ও তার নাতনিকে ঘিরে এগিয়েছে ‘আসমানি’র গল্প। একটি গাড়ি কীভাবে তাদের জীবনের সঙ্গে নানাভাবে জড়িয়ে থাকে, সেটিই উঠে এসেছে চলচ্চিত্রে। ভালোবাসা, হারানোর বেদনা ও বন্ধুত্বের সমন্বয়ে গল্পটি নির্মাণ করেছেন সায়নী গুপ্তা।
১৯৮৫ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন সায়নী গুপ্তা। ভারতের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়াশোনা শেষে ২০১২ সালে ‘সেকেন্ড ম্যারেজ ডট কম’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়ে অভিষেক হয়।
এরপর তিনি ‘ফ্যান’, ‘জলি এলএলবি ২’, ‘জাগ্গা জাসুস’, ‘যব হ্যারি মেট সেজাল’, ‘ফুকরে রিটার্নস’ এবং ‘আর্টিকেল ১৫’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। সর্বশেষ ২০২৪ সালের ‘খাবো কা ঝামেলা’ চলচ্চিত্রে দেখা গেছে তাকে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে ‘ফোর মোর শটস প্লিজ!’, ‘কল মি বে’, ‘দিল্লি ক্রাইম’ এবং ‘গ্লোরি’ সিরিজেও অভিনয় করেছেন তিনি।
দেশবার্তা/একে