চল্লিশোর্ধ্ব বয়সে সুন্দর ও সুখী জীবনের চার মন্ত্র দিলেন কুসুম
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৪ পিএম
ছবি: কোলাজ
জীবনের চার দশক পার করলেও চেহারায় বয়সের ছাপ পড়তে দেননি নন্দিত অভিনেত্রী কুসুম শিকদার। দৈনন্দিন জীবনযাপন এবং মানসিক প্রশান্তিকে এই রূপের মূল রহস্য হিসেবে দেখেন তিনি। নিজের এই জীবনদর্শন এবার সামাজিক মাধ্যমে অনুরাগী ও নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের এক স্নিগ্ধ রূপের ছবি প্রকাশ করেন কুসুম শিকদার। বয়সকে তোয়াক্কা না করে প্রকাশিত সেই ছবির বর্ণনায় চল্লিশোর্ধ্ব বয়সে মানসিকভাবে প্রফুল্ল ও সুন্দর থাকার বিশেষ কিছু পরামর্শ দিয়েছেন তিনি।
চল্লিশোর্ধ্ব জীবনে সুখী থাকার চার মন্ত্র উল্লেখ করে কুসুম শিকদার লেখেন, ‘চল্লিশ উর্ধ্ব জীবনে খুশি এবং সুন্দর থাকার মূল মন্ত্র হলো- এক, ঘৃণা করা যাবে না, শুধুই ভালোবাসতে হবে। তবে নেতিবাচক শক্তির সঙ্গ পরিত্যাগ করতে হবে, তা না হলে মন কলুষিত হবে।’
অভিনেত্রী কুসুম শিকদার
দ্বিতীয় মন্তে আত্মসম্মানের ওপর জোর দিয়ে তিনি লেখেন, ‘অবমূল্যায়ন বা অসম্মানের সম্ভাবনা যেখানে, না যাওয়াই ভালো সেখানে।’
জীবনের নতুনত্ব ও শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে নিজের তৃতীয় মূলমন্ত্র হিসেবে অভিনেত্রী লেখেন, ‘মুগ্ধ হওয়ার ক্ষমতা এবং রোজ নতুন কিছু শেখার আগ্রহ রাখতে হবে।’
অভিনেত্রী কুসুম শিকদার
চতুর্থ এবং শেষ বার্তায় প্রকৃতির গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে অভিনেত্রী লেখেন, ‘প্রায়ই প্রকৃতির কাছে যেতে হবে।’
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে কুসুম শিকদারের এই ভাবনার প্রশংসায় মুখর হয়েছেন অনুরাগী ও সাধারণ নেটিজেনরা।
মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন, অভিনেত্রীর দেওয়া এই চার বার্তা কেবল চল্লিশ পেরোনোদের জন্য নয়, যেকোনো বয়সেই মানসিকভাবে সুস্থ ও সুখী জীবনের জন্য অত্যন্ত কার্যকরী।