ভ্রমণকালে ব্যবহৃত চার্টার্ড উড়োজাহাজকে ‘প্লাস্টিকের খেলনা বিমান’ বলে মন্তব্য করে আইনি বিপাকে পড়েছেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। উড়োজাহাজ সেবাদাতা প্রতিষ্ঠান ডিউনস এভিয়েশন তার বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা দায়ের করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে ডিউনস এভিয়েশনের ‘সেসনা সাইটেশন সিজে টু’ বিমানে মুম্বাই থেকে জয়পুর যাচ্ছিলেন নোরা ফাতেহি। উড্ডয়নকালে বিমানের ভেতরের দৃশ্য ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ওই ভিডিওতে ব্যবহৃত বিমানটিকে ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ (প্লাস্টিকের খেলনা বিমান) হিসেবে আখ্যা দেন এই অভিনেত্রী।
প্রতিষ্ঠানটির দাবি, পর্যাপ্ত প্রযুক্তিগত জ্ঞান বা বাস্তব ভিত্তি ছাড়াই উড়োজাহাজটি নিয়ে চরম বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন নোরা। গুজরাটের গান্ধীনগর আদালতে মামলাটি দায়ের করে ডিউনস এভিয়েশন।
এভিয়েশন কোম্পানিটির অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে নোরার বিপুলসংখ্যক অনুসারী থাকায় তার এমন নেতিবাচক বক্তব্যে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনাম ও ভাবমূর্তি মারাত্মক ক্ষুণ্ণ হয়েছে। এর প্রভাবে তাদের ফ্লাইট বুকিং ১৫ থেকে ২০ শতাংশ হ্রাস পাওয়ার পাশাপাশি অনেক চুক্তি বাতিল হয়েছে।
ডিউনস এভিয়েশন ৩ কোটি রুপি ক্ষতিপূরণের পাশাপাশি নোরা ফাতেহির সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিতর্কিত ভিডিওটি অনতিবিলম্বে অপসারণ এবং বিষয়টি নিয়ে প্রকাশ্যে ব্যাখ্যার দাবি জানিয়েছে।
দেশবার্তা/একে