প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন ও পুলিশ নিজ নিজ সাংবিধানিক ও আইনি দায়িত্ব পালন করবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, “আমাদের অঙ্গীকার শতভাগ। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের সহযোগিতা চেয়েছি। সুষ্ঠু নির্বাচন আয়োজন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, একইভাবে পুলিশেরও সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন থেকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। পুলিশও আমাদের জানিয়েছে, তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কাজ করবে।”
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়কার তুলনায় বর্তমান পরিস্থিতি খারাপ নয়। পুলিশের ওপর নির্বাচন কমিশনের আস্থা রয়েছে। এছাড়া বর্তমানে দেশে দলীয় সরকার দায়িত্বে রয়েছে।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হাসান ফকির বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার প্রসঙ্গে আইজিপি বলেন, “আমি মনে করি, এ ক্ষেত্রে আমাদের সাফল্য শতভাগ।”
দেশবার্তা/আরএইচ