ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) শীর্ষ নেতারা বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জামায়াত আমিরের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ডাকসু ভিপি আবু সাদিক কায়েম এ তথ্য জানিয়েছেন। সাক্ষাতে তার সঙ্গে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খান।
সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতা সফলভাবে ও জবাবদিহির সঙ্গে ডাকসুর মেয়াদ সম্পন্ন করায় ছাত্র নেতাদের অভিনন্দন জানান। একই সঙ্গে ক্যাম্পাসের সামগ্রিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন।
শফিকুর রহমান শিক্ষার্থীদের কল্যাণে ডাকসুর নেওয়া বিভিন্ন কার্যক্রমে প্রশাসনের অসহযোগিতা ও বাধা দেওয়া এবং ডাকসু ভবন ও বিভিন্ন হল সংসদে ছাত্রদলের ‘মব সন্ত্রাসের’ অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
একই সঙ্গে তিনি ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে পরবর্তী ডাকসু নির্বাচনের রূপরেখা ও তফসিল ঘোষণার জন্য ডাকসু নেতাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন।
জামায়াত আমির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা ও তাদের বিভিন্ন সমস্যা সমাধানে ছাত্র নেতাদের আরও সক্রিয় থাকার পরামর্শ দেন। পাশাপাশি দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের কাজে ছাত্র সংসদে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথাও বলেন তিনি।
শফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো মৌলিক সংকট নিরসন এবং মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগে ডাকসু নেতাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
দেশবার্তা/এমআর