বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার তাদের ৮ দফা দাবি মেনে না নিলে পরবর্তী সময়ে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে নামার প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, ‘আমরা আমাদের দাবি আদায় করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ মোড় এলাকায় আয়োজিত সমাবেশে এসব কথা বলেন জামায়াতের আমির।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা এক দফার প্রস্তুতি নেন। আমরা এখন ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে রংপুর যাচ্ছি। যখন এক দফার ডাক আসবে, তখন আপনারা সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসবেন। সরকার যদি এর মধ্যে আমাদের ৮ দফার দাবি মেনে নেয়, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি না মানে, তাহলে সরকার পতনের এক দফার দাবিতে ঢাকায় আসার প্রস্তুতি নেবেন।’
সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, রফিকুল ইসলাম খান এমপি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ ১১ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
বক্তারা বিএনপি সরকারের সমালোচনা করে বলেন, তাদের মতে বর্তমান সরকারও আওয়ামী লীগের মতো ভারতের ‘দাসত্ববাদী’ ভূমিকা পালন করছে। তারা দাবি করেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন হয়নি।
বক্তারা আরও বলেন, বিশেষ করে গণভোটে জনগণের দেওয়া কাঙ্ক্ষিত রায় বাস্তবায়নের ক্ষেত্রে সরকার নানা ধরনের গড়িমসি করছে বলে তারা মনে করেন। তবে সরকারকে বেকায়দায় ফেলতে লংমার্চ করা হচ্ছে না বলেও তারা উল্লেখ করেন।
তাদের বক্তব্য, ৮ দফা দাবি মেনে না নিলে আগামী দিনে আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর করা হবে।
দেশবার্তা/এমআর