মুষলধারে বজ্রসহ বৃষ্টিপাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে এই বৃষ্টিপাত শুরু হয়।
ডিএসসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নগরবাসীর এ সাময়িক ভোগান্তি দ্রুত নিরসনে ভোর থেকেই ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
ইমার্জেন্সি রেসপন্স টিম ও পরিচ্ছন্নতাকর্মীরা সরেজমিনে উপস্থিত থেকে ড্রেনেজ লাইনের প্রতিবন্ধকতা দূর করা এবং পানি নিষ্কাশনের কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনা করছেন। অতি দ্রুত পানি অপসারণ করে যান চলাচল ও পথচারীদের যাতায়াত স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। সকাল থেকেই পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে মাঠে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সৃষ্ট এ সাময়িক অসুবিধার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকল নগরবাসীর ধৈর্য ও সহযোগিতা কামনা করছে।
নগরবাসীর সুরক্ষায় বেশ কিছু জরুরি সতর্কবার্তা দিয়েছে ডিএসসিসি। রাস্তায় যেকোনো উন্মুক্ত বা ছিঁড়েপড়া বৈদ্যুতিক তার এবং ঝুঁকিপূর্ণ পোল থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। জলমগ্ন রাস্তায় ম্যানহোল বা খোলা ড্রেনের গর্ত থাকতে পারে; তাই পথচারী ও চালকদের সাবধানে চলাচল করার অনুরোধ করা হচ্ছে। জরুরি প্রয়োজনে বা জলাবদ্ধতা সংক্রান্ত তথ্যের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯-৯০০৮৮৮ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হচ্ছে।
দেশবার্তা/এমআর