রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন জাতীয় সংসদ সদস্যদের আবাসিক ভবন (ন্যাম ভবন) থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রোববার রাতে শেরেবাংলা নগর থানায় মরিয়মের বাবা মাছুম বিল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও মরিয়মের মামা ওবায়দুল রহমানকে আসামি করা হয়েছে। মামলার পর গাজী নজরুল ও মাকছুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে শেরেবাংলা নগর থানা-পুলিশ ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটে যায়। পরবর্তীতে রাত ১০টার দিকে একটি কক্ষের দরজা ভেঙে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরিয়মের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় এমপি গাজী নজরুল ইসলাম বাসায় উপস্থিত ছিলেন। প্রকৃত ঘটনা উন্মোচনে তাঁকে ও তাঁর প্রথম স্ত্রীকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে নিহতের বাবার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে, গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর এমপি গাজী নজরুল ইসলাম ও মরিয়মকে ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে গাজী নজরুল ইসলাম ফেসবুক পোস্টে মরিয়ামকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেন, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমের সম্মতিতে মরিয়ামকে বিয়ে করেন।
ওই ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় গাজী নজরুল ইসলাম তার ব্যক্তিগত গাড়িচালক ও মরিয়ামের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ব্ল্যাকমেলের অভিযোগ করেছিলেন। অন্যদিকে ওবায়দুর রহমান গত ২১ জুলাই পল্লবী থানায় গাজী নজরুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। ওই মামলায় গাজী নজরুল ইসলাম হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন পেয়েছিলেন।
ভিডিওকাণ্ডের পর ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার ওই হত্যাচেষ্টা মামলায় উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের জামিননামা ঢাকার আদালতে দাখিল করেছিলেন গাজী নজরুল ইসলাম। এর কয়েক ঘণ্টা পর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
দেশবার্তা/একে