অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪) নামে নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে হবিগঞ্জ বিজিবি। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত।
সোমবার বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আনুমানিক সকাল সাড়ে ৬টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন শ্রীমঙ্গল উপজেলার মোংলামবস্তি চা-বাগানের সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর নিকট দিয়ে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে বিজিবির টহলদল সুশান্ত চন্দ্র বিশ্বাসকে আটক করে। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক সুশান্ত ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিকভাবে নিয়োজিত। বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত। বিজিবি সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে জানতে পারে, তিনি প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাঁর অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছিল।
আটক ব্যক্তির কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তাঁর নামে দুটি এনআইডি কার্ড, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী পাওয়া যায়। উদ্ধারকৃত পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন। পরবর্তী সময়ে একজন দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন।
অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিনিধি/আরএইচ