শিশুদের স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যতের ওপর পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব চিহ্নিত করা এবং গাজীপুর নগরীকে দূষণমুক্ত রাখতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) গাকৃবির পুরাতন অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আরবান প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জোয়ানা ডি. রোজারিও।
সংলাপে গাকৃবির বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক ও শিক্ষক, গাজীপুর সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, যুব ফোরামের সদস্য, পরিবেশ বিশেষজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে শিশু ফোরামের প্রতিনিধিরা অতিথিদের হাতে গাছের চারা তুলে দেন। পরে টঙ্গী আরবান প্রোগ্রামের এরিয়া ম্যানেজার মানস বিশ্বাস স্বাগত বক্তব্য দেন।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রক্টর ড. মোহাম্মদ সাইফুল আলম। তিনি পরিবেশ দূষণের বিভিন্ন কারণ, শিশুদের ওপর দূষণের প্রভাব এবং দূষণ প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্যভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন। এরপর পাঁচজন প্যানেলিস্টের অংশগ্রহণে প্যানেল আলোচনা ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, ব্যক্তি পর্যায়ে সৃষ্ট আবর্জনার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে সামষ্টিক দূষণ অনেকাংশে কমানো সম্ভব। অংশীজনদের নিয়ে অংশীদারত্বের ভিত্তিতে শিশুদেরসহ সবার জন্য পরিচ্ছন্ন ও দূষণমুক্ত নগরী গড়ে তুলতে গাজীপুর জেলা প্রশাসন কাজ করতে আগ্রহী। ভালো পরিবর্তনের সূচনা নিজ নিজ জায়গা থেকেই করার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, বায়ুদূষণ রোধে পর্যাপ্ত বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচিকে পরিবেশ সুরক্ষায় একটি যুগান্তকারী উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ ও নির্মল নগরী গড়ে তুলতে গাকৃবি সমন্বিত উদ্যোগে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
সমাপনী বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আরবান প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জোয়ানা ডি. রোজারিও। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী নীতি সংলাপের সমাপ্তি ঘটে।
দেশবার্তা/জেএ