বিদ্যুৎ ও জ্বালানি খাতে কর বৃদ্ধির প্রতিবাদে পাকিস্তান জামায়াতে ইসলামীর ডাকা ইসলামাবাদমুখী চলমান কর্মসূচী স্থগিতের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জামায়াতের আমির হাফিজ নাঈমুর রহমানকে টেলিফোন করে তিনি এই অনুরোধ জানান এবং একই সঙ্গে সংকট নিরসনে অর্থবহ আলোচনায় বসার প্রস্তাব দেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’ এর প্রতিবেদনে জানা যায়, জামায়াতের ট্রেন মার্চ মুলতানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরাসরি হাফিজ নাঈমুর রহমানকে ফোন করেন। এ সময় তিনি জামায়াতকে ইসলামাবাদ অভিমুখে যাত্রা স্থগিত রাখার আর্জি জানান।
জবাবে জামায়াতের আমির হাফিজ নাঈমুর রহমান প্রধানমন্ত্রীকে স্পষ্টভাবে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো বা সরকারকে কোনো ধরনের সংঘাতের মুখে ফেলা জামায়াতের লক্ষ্য নয়। জনগণের মৌলিক সমস্যাগুলো তুলে ধরতেই তারা রাজপথে নেমেছেন, তাই জনগণের এই প্রতিবাদ করার অধিকারকে সরকারের সম্মান দেখানো উচিত।
প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ ‘শুরা’র সঙ্গে আলোচনা করা হবে বলে জানান জামায়াতের আমির। তবে তিনি স্পষ্ট করে দেন যে, সরকারের অনুরোধ বিবেচনায় নিয়ে মার্চ স্থগিত করা হলেও আন্দোলন বা প্রতিবাদ করার সার্বিক অধিকার জামায়াত ছেড়ে দেবে না।
এর আগে পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত 'লেভি' বা করের বিরুদ্ধে হাফিজ নাঈমুর রহমানের নেতৃত্বে জামায়াতের ঘোষিত ‘ট্রেন মার্চ’টি সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে মুলতানে গিয়ে পৌঁছায়। সেখানে উপস্থিত হাজারো কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে জামায়াত প্রধান বলেন, নির্ধারিত সময়ের চার ঘণ্টা দেরিতে ট্রেন পৌঁছালেও সমর্থকদের ঢল নামানো ঠেকানো যায়নি।
ষড়যন্ত্রকারীরা মুলতানের রাজপথে সাধারণ মানুষের এই বিপুল উপস্থিতি দেখুক বলেও মন্তব্য করেন তিনি।
দেশবার্তা/একে