আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তার আগেই বিদায়ী ম্যাচের জন্য তৈরি বিশেষ ১০ নম্বর জার্সির প্রথম ঝলক দেখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
সোমবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে মেসিকে নিজের বিশ্বকাপের জার্সি সরিয়ে বিশেষ নকশার ১০ নম্বর জার্সি দেয়ালে ঝুলিয়ে দিতে দেখা যায়। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আর মাত্র একটি ম্যাচ… একটি জার্সি আজীবনের।’
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো এই জার্সি পরবেন মেসি। ম্যাচটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার হয়ে তার শেষ আন্তর্জাতিক উপস্থিতি।
চলতি আন্তর্জাতিক সূচিতে আর্জেন্টিনার আরও দুটি ম্যাচ থাকলেও সেগুলোতে মেসি খেলবেন না। ৩০ সেপ্টেম্বর বলিভিয়া এবং ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।
মেসির বিদায়ী ম্যাচকে আরও স্মরণীয় করে তুলতে বড় আয়োজনও করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২২ বিশ্বকাপজয়ী পুরো দল ও তাদের পরিবারের সদস্যদের মনুমেন্টালে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে মেসির শেষ ম্যাচটি পরিণত হবে দীর্ঘদিনের সতীর্থদের এক আবেগঘন পুনর্মিলনীতে। যে সতীর্থদের সঙ্গে মিলে বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কাতারে বিশ্বকাপের ট্রফি হাতে তুলেছিলেন তিনি।
গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিদায় নিচ্ছেন তিনি। ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি। তার অর্জনের তালিকায় রয়েছে একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা।
দেশবার্তা/এমআর