লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পড়া একটি ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। একপর্যায়ে ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে এবং অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং অন্তত আটজন আহত হন।
খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়েছে। বাকি দুইজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় জানা যায়নি। তারা সকলেই পাটগ্রাম উপজেলার বাসিন্দা বলে ধারণা করছে পুলিশ।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দেশবার্তা/একে