রাজধানী ঢাকার যানজট নিরসনে আগামী তিন মাসের মধ্যে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে। পাশাপাশি মহাখালী বাস টার্মিনাল বর্তমান স্থানে থাকলেও এর ডিপো সরিয়ে নেওয়া হবে পূর্বাচলে।
শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের জন্য বরাদ্দকৃত নতুন জায়গা পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
পরিদর্শনকালে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ডিএমপি কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন। এ সময় সমিতিকে ৮০টি বাস রাখার মতো নতুন জায়গা বুঝিয়ে দেওয়া হয়।
স্থানান্তর প্রক্রিয়ার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, বর্তমান সরকার বাস ডিপো ও টার্মিনাল আলাদা করার কাজ করছে। মহাখালী টার্মিনাল নিজ জায়গায় থাকলেও ডিপো নিয়ে যাওয়া হবে পূর্বাচলে। এছাড়া ঢাকার যানজটের অন্যতম কারণ গুলিস্থান ও ফুলবাড়িয়া টার্মিনাল তিন মাসের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে কেরানীগঞ্জে চুনকুটিয়াতে। আলাদা করা হবে টার্মিনাল ও ডিপো।
একই অনুষ্ঠানে সম্প্রতি মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনার বিষয়ে কথা বলেন ডিএমপি প্রধান। তিনি জানান, উচ্ছেদ অভিযানে হামলার ঘটনায় করা মামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিএমপি কমিশনারের মন্তব্যের প্রেক্ষিতে বাস মালিক সমিতির প্রতিনিধিরা জানান, রাজধানী ঢাকা ও বাস টার্মিনাল এলাকার যানজট নিরসনে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
দেশবার্তা/একে