বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও জাতীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করতে বিশেষ নাগরিকত্ব কর্মসূচি ঘোষণা করেছে আর্জেন্টিনা। দেশটিতে কমপক্ষে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা) সরাসরি অনুদান বা নির্দিষ্ট বন্ডে ৮ লাখ ডলার বিনিয়োগ করলে মিলবে আর্জেন্টিনার পাসপোর্ট।
শুক্রবার (২ অক্টোবর) আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই-এর সরকার এই ‘সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ চালুর কথা আনুষ্ঠানিকভাবে জানায়। ফ্রান্সের প্যারিসে আয়োজিত ‘আর্জেন্টিনা উইক’ উদযাপন অনুষ্ঠানে কর্মসূচিটির বিস্তারিত তুলে ধরা হয়।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) তথ্য অনুযায়ী, লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হলেও গত বছর বিদেশি বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে ব্রাজিল ও মেক্সিকোর চেয়ে অনেকটা পিছিয়ে ছিল আর্জেন্টিনা। এ পরিস্থিতি কাটাতে অর্থনৈতিক সংস্কার জোরদার করছে হাভিয়ের মিলেই সরকার।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুটি স্বচ্ছ ও সহজ পদ্ধতির যেকোনো একটি অনুসরণ করে নাগরিকত্ব পাওয়া যাবে- প্রথম পদ্ধতি: আর্জেন্টিনার জাতীয় কোষাগারে ৩ লাখ ৫০ হাজার ডলার সরাসরি অফেরতযোগ্য অনুদান হিসেবে জমা দিতে হবে। দ্বিতীয় পদ্ধতি: এই কর্মসূচির উদ্দেশ্যে সরকারের প্রস্তুত করা বিশেষ বন্ডে ৮ লাখ ডলার বিনিয়োগ করতে হবে।
আবেদনকারীর পাশাপাশি তাঁর স্বামী বা স্ত্রী এবং সন্তানরাও নাগরিকত্ব সুবিধার আওতায় আসবেন। এর জন্য পরিবারভুক্ত প্রাপ্তবয়স্ক সদস্যদের প্রত্যেকের জন্য অতিরিক্ত ১ লাখ ডলার এবং ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য ২৫ হাজার ডলার করে প্রদান করতে হবে।
বিনিয়োগকারীদের উৎসাহিত করা হলেও আর্জেন্টিনার অর্থনীতিবিদ মার্সেলো এলিসোন্দো সতর্ক করে বলেন, বিনিয়োগকারীরা এখনও দেখার অপেক্ষায় আছেন যে আর্জেন্টিনার অস্থির অর্থনীতিতে নেওয়া সংস্কারগুলো দীর্ঘমেয়াদে টেকসই হয় কি না।
আর্জেন্টিনা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এই বিনিয়োগ কর্মসূচি থেকে আসা বিপুল তহবিল দেশটির জাতীয় রাজস্ব ব্যবস্থা জোরদার এবং সামষ্টিক অর্থনৈতিক অবস্থান আরও সুসংহত করতে ব্যবহার করা হবে।
দেশবার্তা/একে