মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাতের ছবিটি শেয়ার করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
রোববার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও বাংলাদেশ) মূল পোস্টটি শেয়ার করা হয়। পিএমওর সেই পোস্টে ছবির মেধা স্বত্ব ও সূত্র হিসেবে ‘সৌজন্যে: হোয়াইট হাউস’ উল্লেখ রয়েছে।
এর আগে শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ছবিটি প্রথম প্রকাশ করা হয়, যা পরে প্রধানমন্ত্রীও তাঁর নিজ ফেসবুক পেজে শেয়ার করেন। তবে প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে তৈরি কি না, তা নিয়ে নানা গুঞ্জন ও বিতর্ক ছড়িয়ে পড়ে।
বিতর্কের জবাবে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়া বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে গত ২২ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এক নৈশভোজের আয়োজন করেন। সেখানে তোলা এই ছবিটি সরাসরি হোয়াইট হাউস থেকে পাওয়া এবং তা জনসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে।
প্রেস উইং আরও অভিযোগ করে, মূল ছবিটিকে প্রশ্নবিদ্ধ করতে এর পাশে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ট্রাম্পের একটি এআই-জেনারেটেড ভুয়া ছবি জুড়ে দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। কসোভোর ওই ছবিটিতে ট্রাম্পকে কার্ডবোর্ডের কাটআউটের মতো দেখানো হয়েছিল, যা পরবর্তীতে স্বাধীন ফ্যাক্ট-চেক এবং ছবিটির নির্মাতার স্বীকারোক্তিতে এআই-জেনারেটেড মিম হিসেবে প্রমাণিত হয়। সেই ভুয়া ছবিটিকে সত্য দাবি করে একটি চক্র অপকৌশলে প্রধানমন্ত্রীর এই আসল ছবিটিকে বিভ্রান্তিকর বানানোর চেষ্টা করছে।
দেশবার্তা/একে