রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
উপাচার্য জানান, গত ৪ অক্টোবর রাতে শহীদ জিয়াউর রহমান হলে ঘটে যাওয়া ঘটনার তদন্ত এবং দোষীদের শাস্তির লক্ষ্যে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। গতকাল মধ্যরাতে তদন্ত কমিটি সর্বসম্মতিক্রমে প্রস্তুত করা লিখিত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে।
প্রাপ্ত তথ্য-উপাত্ত, অপরাধের ধরন ও মাত্রা বিবেচনা করে তদন্ত কমিটি চারজনের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে। তারা হলেন রাবি ছাত্রদলের সহ সভাপতি আহসান হাবীব, কর্মী বিশাল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এবং জিয়া হল সংসদের জিএস আরিফুল ইসলাম।
উপাচার্য আরও জানান, রাকসুর সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, রাবি ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম এবং কর্মী তানিম রহমানের বিরুদ্ধে আসা অভিযোগ অধিকতর তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। এছাড়া ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, শরীফুল ইসলাম ও সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করার সুপারিশ করা হয়।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর (রোববার) রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। ঘটনার পর উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেন।
দেশবার্তা/একে