উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশ এর অতিরিক্ত মহাপরিচালক (সদর) ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল ড. মোঃ তাজুল ইসলাম।
অনুষ্ঠানে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এবং প্রধান অতিথি তাদের ম্মাননা ক্রেস্ট প্রদান করেন। কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি তাদের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নির্বাচিত শ্রেণি শিক্ষকদেরও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলা মাধ্যমের দুইজন ও ইংরেজি ভার্শনের দুইজন কৃতী শিক্ষার্থী তাঁদের সাফল্যের অভিজ্ঞতা, অনুভূতি, শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা এবং ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে।
প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান তার বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য নয়। জ্ঞানকে চরিত্রে, সাফল্যকে দায়িত্ববোধে এবং মেধাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার, নিয়ম-শৃঙ্খলা, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল ড. মোঃ তাজুল ইসলাম তার বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের সাফল্যে তাদের অভিভাবক ও শিক্ষকদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, জিপিএ-৫ অর্জন একটি মাইলফলক, কিন্তু জীবনের প্রকৃত সাফল্যের জন্য প্রয়োজন অধ্যবসায়, শৃঙ্খলা, নৈতিকতা ও আত্মনিয়ন্ত্রণ। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় গান, কবিতা, নৃত্যসহ বিভিন্ন সৃজনশীল পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিশেষ আকর্ষণ হিসেবে লালনকন্যা বিউটির পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মুগ্ধ করে।
দেশবার্তা/আরএইচ