বাংলাদেশে তথ্যপ্রযুক্তি (আইটি), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতসহ বিভিন্ন প্রতিশ্রুতিশীল ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধিতে গভীর আগ্রহ প্রকাশ করেছে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশন। পাশাপাশি দেশে দ্বিতীয় কাফকো (কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড) স্থাপনের সম্ভাবনা নিয়েও দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।
বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে জাপানি বিনিয়োগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী মারুবেনির সঙ্গে দীর্ঘদিনের পাটজাত পণ্যের সম্পর্কের কথা স্মরণ করেন এবং বিদ্যমান সহযোগিতাকে অন্যান্য নতুন খাতে প্রসারের ওপর জোর দেন।
মারুবেনির প্রতিনিধিরা জানান, তারা বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনাকে অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করছেন। বিশেষ করে আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়ে মারুবেনি গভীর আগ্রহ দেখায়। এছাড়া কৃষিপ্রধান বাংলাদেশে আধুনিক প্রযুক্তি ও এআইয়ের ব্যবহার সম্প্রসারণেও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টি উঠে আসে।
আলোচনায় দেশের তরুণ প্রকৌশলীদের আইটি ও সাইবার নিরাপত্তায় আরও দক্ষ করার পরিকল্পনা উপস্থাপিত হয়, যাতে প্রতিযোগিতামূলক সেবার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ সার্ভিস হাবে রূপ নিতে পারে।
এছাড়া চট্টগ্রামে কাফকোতে মারুবেনির বর্তমান বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি নতুন একটি কারখানা স্থাপনেও ইতিবাচক সাড়া দিয়েছে প্রতিনিধিদলটি। দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে বাণিজ্য সম্পর্ক আরও নতুন মাত্রা পাবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান। মারুবেনি করপোরেশনের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের সিইও সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশের কান্ট্রি হেড মানাবু সুগাওয়াড়া।
দেশবার্তা/একে