চট্টগ্রামে আর্থিক সংকটের কারণে যাতে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হন কিংবা শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ হয়ে না যায়, সে জন্য চট্টগ্রাম জেলা পরিষদ সব সময় অসহায় মানুষের পাশে থাকবে বলে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। রবিবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা পরিষদের সেমিনার কক্ষে আয়োজিত শিক্ষা ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, আর্থিক সংকটের দরুন চিকিৎসা সেবা বা শিক্ষার পথ যেন কারো রুদ্ধ না হয়, সে লক্ষ্যে সামর্থ্য অনুযায়ী সহায়তা অব্যাহত রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা মেনে চট্টগ্রাম জেলা পরিষদ জনকল্যাণমূলক এই উদ্যোগ গ্রহণ করেছে। প্রতি এক থেকে দুই মাস অন্তর নিয়মিত বিরতিতে এ ধরনের আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রাখা হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম জানান, সরকার এবং জেলা পরিষদ সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। বন্যা, ঘূর্ণিঝড় কিংবা যেকোনো সামাজিক সংকটে চট্টগ্রাম জেলা পরিষদের এই সেবামূলক কার্যক্রম ইতিপূর্বে যেমন ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তা বলবৎ থাকবে।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সহকারী প্রকৌশলী মো. জাহেদুল ইসলামসহ জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহায়তাপ্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশবার্তা/জেএ