রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের সীমানাপ্রাচীরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটিতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের সদস্যসচিব আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) এবং মারজিয়া খন্দকার রিমি (২৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার (১০ অক্টোবর) সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়াল থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে চুনকালি দেওয়ার চেষ্টা করেন আয়াস ও তার সঙ্গীরা। খবর পেয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক ঘটনাস্থল থেকে আয়াসসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যান।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত ও সীমানাপ্রাচীর সংস্কারের উদ্যোগ নেয়। পরিচ্ছন্নতা অভিযান শেষে সেই দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ১০ জন গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।
গ্রেপ্তার আয়াস এর আগেও জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে নানা কর্মসূচি, ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ এবং একাধিক সংঘাতমূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে আলোচনা-সমালোচনায় আসেন।
দেশবার্তা/একে