যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে চীন কিংবা রাশিয়া ‘বিন্দুমাত্রও’ সাহায্য করছে বলে তিনি বিশ্বাস করেন না। তিনি আরও বলেছেন, তেহরানকে সহায়তার পথে হাঁটলে মস্কো ও বেইজিংয়ের অনেক কিছু হারানোর আশঙ্কা রয়েছে।
সোমবার (১২ অক্টোবর) গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, তার রাজনৈতিক সমালোচক ও বিরোধীরা অভিযোগ করছেন যে চীন ও রাশিয়া ইরানকে মদদ দিচ্ছে।
ট্রাম্প বলেন, ‘যদি তারা সাহায্য করে থাকে, তবে তা অত্যন্ত সামান্য। তবে আমি তা মোটেও বিশ্বাস করি না। কারণ তাদের হারানোর মতো অনেক কিছু আছে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধের পটভূমিতে ট্রাম্পের এই মন্তব্য এলো। ট্রাম্প এর আগে দাবি করেছিলেন যে, চীনা প্রেসিডেন্ট শি চিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ইস্যুতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখছেন। এমনকি গত মাসে শি চিনপিংয়ের মার্কিন সফরের সময় চীন ইরানকে কোনো সহায়তা করবে না বলে আশ্বাস দিয়েছিল বলেও জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত তৎকালীন কর্মকর্তারা।
যদিও মস্কো ও বেইজিং দীর্ঘদিন ধরেই তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলছে। আন্তর্জাতিক অঙ্গনে বেইজিং যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপকে ইরানের সার্বভৌমত্বের ওপর হামলা হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানিয়ে আসছে।
তবে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইরান চীনের সহায়তায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রি করছে এবং মার্কিন ঘাঁটির স্যাটেলাইট তথ্য ব্যবহার করছে- যদিও এসব প্রতিবেদনকে আগেও উড়িয়ে দিয়েছেন ট্রাম্প।
দেশবার্তা/এমআর