শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ২৯৪টি পূজামণ্ডপ ও হরিজন সম্প্রদায়ের জন্য মোট ৩৬ লাখ ৭০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এর মধ্যে মহানগরীর ২৯৪টি পূজামণ্ডপের জ্বালানি খরচ বাবদ ১৪ লাখ ৭০ হাজার টাকা, জে এম সেন হল পূজামণ্ডপে ৫ লাখ টাকা, জামালখানের কুসুমকুমারী পূজামণ্ডপে ১৫ লাখ টাকা এবং চারটি সেবক কলোনির হরিজন সম্প্রদায়ের জন্য ২ লাখ টাকা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরের থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সব ধর্মের মানুষের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে কাজ করছে চসিক।
মেয়র বলেন, চট্টগ্রাম সবার শহর। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। নগরীকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সক্রিয় অংশগ্রহণও জরুরি।
দুর্গাপূজায় আর্থিক সহযোগিতার বিষয়ে মেয়র জানান, মহানগর পূজা উদ্যাপন পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগরীর ১৬টি থানার আওতাধীন ২৯৪টি পূজামণ্ডপে জেনারেটরের জ্বালানি খরচ বাবদ প্রতিটিতে ৫ হাজার টাকা করে মোট ১৪ লাখ ৭০ হাজার টাকা দেওয়া হচ্ছে। এ ছাড়া জে এম সেন হল পূজামণ্ডপে ৫ লাখ, চসিক পূজা উদ্যাপন পরিষদের জামালখানস্থ কুসুমকুমারী পূজামণ্ডপে ১৫ লাখ এবং সিটি করপোরেশনের চারটি সেবক কলোনির হরিজন সম্প্রদায়ের জন্য প্রতিটি কলোনিতে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ ব্যানার্জি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, সহসভাপতি বিপ্লব কুমার চৌধুরী, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, প্রিয়তোষ ঘোষ রতন ও অয়ন ধরসহ মহানগরীর বিভিন্ন থানার পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ