প্রতিবন্ধী কবির হোসেনের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে জ্যেষ্ঠ সাংবাদিক, বিশিষ্ট সমাজসেবক এবং ব্রিটিশ বাংলাদেশী ড. নুরুল করিম একাডেমির প্রতিষ্ঠাতা এমবি আলমের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটি কুচক্রী মহলের চালানো অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ২ নং দাদপুর ইউনিয়নের বারিক মুন্সীর মোড়ে ব্রিটিশ বাংলাদেশী ড. নুরুল করিম একাডেমি’র সামনে দাদপুর ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বক্তারা বলেন, নোয়াখালীতে এমবি আলম একজন প্রতিবাদী ব্যক্তিত্ব। একজন জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে আমরা তাকে সবসময় সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকতে দেখেছি।
ঘটনার বিবরণ দিয়ে বক্তারা বলেন, গত দুই-তিন দিন আগে ৩ নং নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের উত্তর পাশে চুরির অভিযোগে স্থানীয় জনতা এক লোককে গাছের সাথে বেঁধে নির্যাতন চালায়। সাংবাদিক এমবি আলম সেই নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন বলেই আমরা নির্যাতনের প্রকৃত চিত্র দেখতে পাই।
ভিডিওতে দেখা যায়, তিনি নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে নির্যাতিতের পক্ষেই কথা বলেছেন। একই সাথে তিনি উত্তেজিত জনতাকে আইন নিজের হাতে না তুলে নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে অবিলম্বে পুলিশ প্রশাসনের কাছে সোপর্দ করার আহ্বান জানান। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমেই আমরা জানতে পারি আটককৃত ব্যক্তি একজন প্রতিবন্ধী এবং বিকেলে তিনি মৃত্যুবরণ করেছেন।
বক্তারা আরও উল্লেখ করেন, সাংবাদিক এমবি আলমের ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর পুলিশ প্রশাসন তৎপর হয়ে চারজন অপরাধীকে শনাক্ত করে আদালতে প্রেরণ করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একটি কুচক্রী মহল নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করতে এই সত্য প্রকাশকারী জ্যেষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নানা মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।
এলাকাবাসী উক্ত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এমবি আলম একজন গুণী ও নিবেদিতপ্রাণ মানুষ। এলাকার উন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি সর্বদা আন্তরিক। এলাকাবাসীর যেকোনো বিপদে পাশে দাঁড়ানো এবং অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি তিনি জনস্বার্থে মসজিদ, বিদ্যালয়, পাঠাগার, যাত্রীছাউনি নির্মাণ এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই প্রশিক্ষণ কেন্দ্রসহ বেশ কিছু প্রতিষ্ঠান নিজ উদ্যোগে গড়ে তুলেছেন।
মানববন্ধন থেকে বক্তারা সরকার ও প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান, কোনো কুচক্রী মহলের প্ররোচনায় কান না দিয়ে আসল অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য। বক্তারা স্মরণ করিয়ে দেন, সমাজের অনিয়ম, দুর্নীতি ও অন্যায় মানুষের সামনে তুলে ধরা একজন সচেতন সাংবাদিকের দায়িত্ব এবং এমবি আলম সেই দায়িত্ব পালন করতেই অপপ্রচারের শিকার হচ্ছেন।
দেশবার্তা/জেএ