পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মো. সহিদুল ইসলাম (৬০) নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার মিষ্টিপট্টি এলাকায় ‘সহিদ কবিরাজ’ নামে পরিচিত একটি মুদি, মনিহারি ও ভ্যারাইটিজ স্টোরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাণ্ডারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জনস্বার্থে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় মানবদেহের জন্য ক্ষতিকর হাইড্রোজ, নকল ও মেয়াদোত্তীর্ণসহ বিভিন্ন মানহীন পণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়।
এ ঘটনায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪ ও ৪১ ধারা লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পণ্য বিক্রি না করতে তাঁকে সতর্ক করা হয়েছে।
অভিযানে থানা-পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
প্রতিনিধি/আরএইচ