১৯ বছর পর চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরি

মো. নাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট)

সারাদেশ

দীর্ঘ ১৯ বছর পর আবারও চালু হতে যাচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী ও পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার কলারণ ফেরিঘাট।

2026-10-15T17:38:08+06:00
2026-10-15T17:38:08+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
১৯ বছর পর চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরি
মো. নাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:৩৮ পিএম 
⏲
চালু হতে যাচ্ছে মোরেলগঞ্জের সন্ন্যাসী ও পিরোজপুরের কলারণ ফেরিঘাট।
দীর্ঘ ১৯ বছর পর আবারও চালু হতে যাচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী ও পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার কলারণ ফেরিঘাট। বলেশ্বর নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগ সহজ করতে ১৮ কোটি টাকা ব্যয়ে সন্ন্যাসী ফেরিঘাট থেকে পল্লীমঙ্গল বাজার পর্যন্ত সাত কিলোমিটার সড়ক উন্নয়ন ও ফেরিঘাটের বেইলি সেতু নির্মাণকাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বরিশাল বিভাগের সঙ্গে মোংলা বন্দরের সড়ক যোগাযোগের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার কমে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নির্মাণাধীন সড়ক ও ফেরিঘাটের বেইলি সেতুর কাজ পরিদর্শন করেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। এ সময় সড়ক ও জনপথ বিভাগের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, ঠিকাদার এস এম মো. বদিউজ্জামান খোকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, অধ্যাপক শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৭ সাল পর্যন্ত সন্ন্যাসী-কলারণ নৌপথে ফেরি চলাচল করত। ঘূর্ণিঝড় সিডরের সময় ফেরিটি ডুবে যাওয়ার পর থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে ফেরি চালু না হওয়ায় দুই পাড়ের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি সন্ন্যাসী থেকে পল্লীমঙ্গল পর্যন্ত সড়কটির অবস্থাও দীর্ঘদিন ধরে বেহাল ছিল।

স্থানীয় বাসিন্দা রকিবুল ইসলাম বলেন, "পল্লীমঙ্গল থেকে সন্ন্যাসী পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। সাধারণ মানুষের চলাচলে অনেক কষ্ট হতো। এখন নতুন করে কাজ শুরু হয়েছে। সড়ক ও ফেরিঘাট চালু হলে আমাদের ভোগান্তি অনেক কমবে। আমরা চাই, দ্রুত কাজ শেষ হোক।"

সন্ন্যাসী বাজারের ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, ফেরি চালু হলে পিরোজপুর, নাজিরপুর ও বরিশালের সঙ্গে বাগেরহাটের মোরেলগঞ্জ, শরণখোলা এবং মোংলার যোগাযোগ আরও সহজ হবে। এতে পণ্য পরিবহনের সময় ও খরচ কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

সড়ক ও জনপথ বিভাগের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, "আশা করছি, ছয় মাসের মধ্যে সড়ক ও ফেরিঘাটের সব কাজ সম্পন্ন হবে। নির্মাণকাজ শেষ হলে এবং ফেরি চালু হলে বাগেরহাটের সঙ্গে বরিশাল বিভাগের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।"

সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেন, ২০০৭ সাল পর্যন্ত এ নৌপথে ফেরি চলাচল করত। ঘূর্ণিঝড় সিডরের সময় ফেরিটি ডুবে যাওয়ার পর আর তা চালু হয়নি। দীর্ঘদিন সড়কটিরও উন্নয়ন হয়নি। দ্রুত সময়ের মধ্যে সড়ক ও ফেরি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে এলাকার মানুষের যাতায়াত, পণ্য পরিবহন ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সাত কিলোমিটার সড়ক ও ফেরিঘাটের নির্মাণকাজ সম্পন্ন হলে মোরেলগঞ্জসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে বরিশাল বিভাগের সঙ্গে মোংলা বন্দরের যোগাযোগ সহজ হওয়ায় দক্ষিণাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হতে পারে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, যৌথ উদ্যোগের নতুন সম্ভাবনা
ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ: হুইপ দুলু
হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে অংশগ্রহণের লক্ষ্যে সেনাবাহিনীর অগ্রবর্তী দলের যাত্রা
দিনাজপুরে পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

সর্বাধিক পঠিত 

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি
জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই
চিনিগুঁড়া ধানে সেজেছে দেবী দুর্গা
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত, আহত ১১
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement