নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হাত-পা বেঁধে তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারেক রহমান (২৮) ওই গ্রামের অলিউর রহমানের ছেলে। অভিযুক্ত বাবা অলিউর রহমান ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তারেক একসময় মালয়েশিয়ায় ছিলেন। সেখানে মাদকাসক্ত হয়ে পড়ার কারণে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফিরে তিনি আবারও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন এবং মাদকের টাকার জন্য প্রায়ই বাবা-মাকে মারধর করতেন। বুধবার রাতেও মাদকের টাকার জন্য তারেক বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তার বাবা অলিউর রহমান তাকে হাত-পা বেঁধে বাড়ির পেছনের একটি গোয়ালঘরে নিয়ে যান।
সেখানে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তারেকের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের মাথার পেছনে ও ডান কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে।'
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দেশবার্তা/জেএ