শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে গাইবান্ধা শহরের শচীন চাকী সড়কে শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম চত্বরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। শঙ্খ, উলুধ্বনি ও ঢাকের তালে মুখর হয়ে ওঠে আশ্রম প্রাঙ্গণ।
এ সময় দেবী দুর্গার আরাধনা ও সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে আশ্রম চত্বরে ধর্মপ্রাণ নারী-পুরুষের সমাগম ঘটে। অন্য ধর্মের মানুষও কুমারী পূজা দেখতে মন্দির প্রাঙ্গণে ভিড় করেন।
শহরের মাস্টারপাড়ার বাসিন্দা পীযুষ ভট্টাচার্য পলাশ ও অনামিকার ছয় বছর বয়সী মেয়ে প্রগতি ভট্টাচার্যকে নতুন পোশাকে দেবীর সাজে সাজিয়ে দেবীজ্ঞানে পূজা ও অর্ঘ্য নিবেদন করা হয়। প্রগতি স্থানীয় মেরিট কেয়ার স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।
পূজা চলাকালে বারবার উলুধ্বনি ও শঙ্খধ্বনি বেজে ওঠে। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
প্রতিনিধি/আরএইচ