বাংলাদেশে প্রথমবার দুর্গাপূজা উদ্যাপনের অভিজ্ঞতায় মুগ্ধ হয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। পূজামণ্ডপের নৃত্যশিল্প, সাজসজ্জা, মানুষের আন্তরিকতা ও আপ্যায়নের প্রশংসা করেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, “এটা বাংলাদেশে প্রথম দুর্গাপূজা। এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি। নৃত্যশিল্পী, চমৎকার সাজসজ্জা এবং আত্মীয়তা আপ্যায়ন সবকিছু দেখে মুগ্ধ হয়েছি। অনেক অনেক ধন্যবাদ।”
এর আগে তিনি সোনারগাঁয়ের পানাম নগরী, রূপগঞ্জের জামদানি পল্লি এবং নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বোস কেবিন পরিদর্শন করেন। বোস কেবিনে চা পান করেন এবং আড্ডায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার সাহা এবং সনাতন ধর্মাবলম্বীদের স্থানীয় নেতারা।
প্রতিনিধি/আরএইচ