২০১০ সালে রাজধানী ঢাকার পান্থপথ সিগন্যালে শুভযাত্রা করে আরএফসি (রুবেল ফুড কর্নার)। ১৮ বছর ধরে স্বল্পমূল্যে আপামর জনসাধারণের জন্য মুখরোচক খাবারের সমারোহ ঘটিয়েছে স্ট্রীটফুড দোকানটি। একদম ছোট পরিসর হলেও খাবারের মান এবং দামের কারণে সবার প্রশংসা কুড়িয়েছে তা।
সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা, রাতের খাবার- সব আয়োজন রয়েছে এখানে চব্বিশ ঘন্টা ব্যাপী। মূলত বিকেলের স্ন্যাকস তথা নাস্তা এখানকার আকর্ষণ। স্পেশাল ঢাকাইয়া মুড়িমাখায় থাকে মুড়ি, ছোলা বুট, সবজি, বেগুনী, আলুচপ, জিলাপী এবং সর্ষে তেল মশলা মিক্স। খেলে ইফতারীর একটা আবহ তৈরি হয়। পাশপাশি, গরম-গরম চিকেন বন, প্যাটিস, শিঙ্গাড়া, সমুচা, ভেজিটেবল রোল, মোগলাই পরাটা, জিলাপী- এরকম ২০ পদের স্ন্যাকস পাওয়া যায় এখানে।
রাত ৯ টা থেকে উষ্ণ চিকেন খিচুড়ি ১০০ টাকায়, ডিম খিচুড়ি ৬০ টাকায় খাওয়ার জন্য ভোক্তারা লাইন দেয়। দুপুরের খাবারের মধ্যে ভাত, মাছ, ডিম, ভর্তা, ভাজি মিলিয়ে প্যাকেজ- সর্বোচ্চ ১০০ টাকা। প্রতিটি আইটেমের স্বাদ জিভে লেগে থাকে। সীমিত দামের কারণে সব শ্রেণী-পেশার লোকজন এখানে খেয়ে থাকে। অনেকে পার্সেল নিয়ে যায়।
ফুড কর্নারের কর্ণধার মো. গোলাম মোস্তফা রুবেল প্রথমে দুই চাকার গাড়িতে স্ন্যাকস বিক্রি শুরু করেন। কালের পরিক্রমায় এখন বড় দোকান হয়েছে। তিনি নিজেই কারিগর বা শেফ, রেসিপিও সব নিজের। ভবিষ্যতে বড় রেস্টুরেন্ট করার ইচ্ছে পোষণ করেন গোলাম মোস্তফা রুবেল।
দেশবার্তা/জেএ