ঢাকার পশ্চিম পান্থপথ (বিআরবি- শমরিতা হাসপাতালের উল্টোদিকে) রোডে প্রায় ১৭ বছর ধরে মুখরোচক রসনার সাশ্রয়ী সমারোহ ঘটিয়েছে নিউ হক কাবাব এন্ড রেস্টুরেন্ট। ছোট পরিসর হলেও খাবারের গুণ-মানের কারণে রেস্টুরেন্টটি জনপ্রিয়তা অর্জন করেছে। স্থানীয় বাসিন্দা সহ স্কয়ার, বিআরবি, শমরিতা হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনরা এখানে খেয়ে থাকেন।
সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা, রাতের ভোজ- সব আয়োজন রয়েছে রেস্টুরেন্টে। নিত্যকার সব ধরণের খাবার আইটেমের সমারোহ এখানে লক্ষ্যণীয়। দুপুরে কয়েক পদ তরতাজা মাছ (বোয়াল, চিংড়ি, শোল) এবং গরু ভুনা, মুরগী কারীর সাথে ধোঁয়া ওঠা ভাত কিংবা গাজর মিশ্রিত পোলাও, বিরিয়ানী দারুণ সুস্বাদু। বিকেলের নাস্তায় কয়েক প্রকার কাবাব যেমন- চিকেন টিক্কা, গ্রীল চিকেন, বিফ শিক কাবাব, রেশমী কাবাব, বটি কাবাব, চিকেন চাপ ইত্যাদির সাথে স্পেশাল রুমালী রুটি, পরাটা, নান বেশ জুতসই হয়।
মূলত নিউ হক কাবাব এন্ড রেস্টুরেন্ট কেন আলাদা? এর উত্তরে রেস্টুরেন্ট কর্ণধার মোঃ রায়হান জানান- “আমরা স্বল্প লাভে ভোক্তাদের ভালমানের খাবার প্রদানের চেষ্টা করি। কোন রঙ বা ফ্লেভার দেওয়া হয় না। সব খাদ্য উপাদান ন্যাচারাল রাখার চেষ্টা করা হয়। টাটকা খাদ্য উপাদান, টাটকা খাবার; পুরনো খাবার নেই- এসব কারণে খাদ্যপ্রেমীরা খেতে আসে।”
উল্লেখ্য, প্রতিদিন ভোর ৬ টা থেকে মধ্যরাত পর্যন্ত এই রেস্টুরেন্টে খাবার পাওয়া যায়। জনা বিশেক লোক একত্রে বসে খাবার উপভোগ করতে পারে। তবে পার্সেল অর্ডার হয় প্রচুর। নিউ হক কাবাব এন্ড রেস্টুরেন্টের ঠিকানা- ৪৪/৮, পশ্চিম পান্থপথ (মেইন রোড), ঢাকা।
দেশবার্তা/জেএ