গাজীপুরের শ্রীপুরে থানা এলাকায় মিছিল বের করার প্রস্তুতিকালে আটজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলার বিভিন্ন সড়কে তল্লাশিচৌকি বসিয়ে নজরদারি বাড়িয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে শ্রীপুর থানার সামনে যুবলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে শ্রীপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খোকন প্রধানের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে যান।
এ সময় মিছিলের প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের ধাওয়া করা হয়। পরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আটজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর সম্ভাব্য বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে শ্রীপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশিচৌকি স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে পুলিশ কাজ করছে। আটক ব্যক্তিদের পরিচয় এবং তাঁদের বিরুদ্ধে নেওয়া আইনগত ব্যবস্থার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দেশবার্তা/জেএ