গাইবান্ধায় মাদরাসা থেকে ফেরার পথে সোয়াদ মিয়া (৬) নামের প্লে শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়। আকস্মিক দুর্ঘটনায় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে নিহত সোয়াদের মা মিতু খাতুন। পরিবারে চলছে শোকের মাতম।
নিহত শিশু শিক্ষার্থী সোয়াদ ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পাভেল মিয়ার ছেলে। সে স্থানীয় দারুল হিকমা মডেল মাদরাসার প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সকাল সাড়ে ১০ টার দিকে ক্লাস শেষে বাড়ি ফিরছিলো সোয়াদ। বাড়ির কাছাকাছি এসে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির অটোরিকশা শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মাথা ফেটে নাকে-মুখে রক্ত ঝরতে থাকে শিশুটির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।
তবে স্থানীয় অপর একটি সূত্র জানায়, মৃত জেনেও শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
প্রতিনিধি/আরএইচ