কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে ফ্রেন্ডশিপ-ডিজঅ্যাবিলিটি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এফডিআইডিপি) প্রকল্পের উদ্যোগে চর ব্রহ্মত্তর এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে কৃষি উপকরণ, শাকসবজির বীজ ও চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ছয়জন সুবিধাভোগীর হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ এফডিআইডিপি প্রকল্পের টেকনিক্যাল সুপারভাইজার রওশনারা খাতুন, প্রকল্পের অন্য সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মধ্যে বেগুন, মরিচ, পেঁপে ও টমেটোর চারা, কলমি ও নাপা শাকের বীজ, ঢেঁড়সের বীজ, ভার্মিকম্পোস্ট (জৈব) সার, স্প্রে মেশিন, কোদাল এবং ঝরনা (ওয়াটারিং ক্যান) বিতরণ করা হয়।
কৃষি উপকরণ ও শাকসবজির বীজ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দৃষ্টিপ্রতিবন্ধী কমলা বেগম।
পেঁপে ও টমেটোর চারা এবং স্প্রে মেশিন হাতে পেয়ে অনুভূতি ব্যক্ত করে দৃষ্টিপ্রতিবন্ধী লোকমান হোসেন বলেন, “এই চারা ও সরঞ্জামগুলো আমার নিজের আঙিনায় চাষাবাদে অনেক বড় সহায়তা হবে।”
অন্যদিকে, কোদাল, ঝরনা, ভার্মিকম্পোস্ট সার ও বিভিন্ন চারাগাছ পেয়ে সন্তোষ প্রকাশ করেন বহুমাত্রিক প্রতিবন্ধী ব্যক্তি এসমোতারা খাতুন।
এফডিআইডিপি প্রকল্পের টেকনিক্যাল সুপারভাইজার রওশনারা খাতুন আশা প্রকাশ করেন, এই সহায়তার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা বাড়ির আঙিনায় বা ছোট পরিসরে শাকসবজি চাষ করে নিজেদের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি আর্থিকভাবেও কিছুটা লাভবান হতে পারবেন।
প্রতিনিধি/আরএইচ